তিন বাংলাদেশিকে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি | তারিখ: ৩১-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকা থেকে আটক করা তিন বাংলাদেশিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ভারতীয় পুলিশের কাছে সোপর্দ করেছে।
আটক হওয়া গোয়াইনঘাট উপজেলার ভাদেশ্বর গ্রামের সুহেল আহমদের চাচা আবদুল হান্নান জানান, বিএসএফ ওই তিনজনকে বাংলাদেশি সীমান্ত থেকে ডেকে নিয়ে আটক করে আর ফেরত দেয়নি। স্থানীয় লোকজন, জনপ্রতিনিধি ও প্রশাসনের লোকজন এমনকি ভারতীয় পরিচিত খাসিয়াদের অনুরোধের পরও বিএসএফ তাঁদের ছেড়ে না দিয়ে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করেছে।
বিজিবি-৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শফিউল আজম বলেন, ‘অবৈধভাবে ভারতে প্রবেশের কারণে বিএসএফ তাঁদের আটক করে ভারতীয় পুলিশের কাছে সোপর্দ করেছে। এখন আইনি প্রক্রিয়ায় তাঁদের ফিরে আসতে হবে। আমরা বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে কথা বলেছি।’
গত সোমবার দুপুর ১২টায় সিলেটের সোনারহাট সীমান্তের ১২৬৮ নম্বর মেইন পিলার-সংলগ্ন এলাকায় ঘোরাফেরা করার সময় সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার ভাদেশ্বর গ্রামের সুহেল আহমদ, ব্রাহ্মণবাড়িয়ার হাবিবুল্লাহ জালালী ও অজ্ঞাতনামা একজনকে বিএসএফ ধরে নিয়ে যায়।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন 

 
আপনার মতামত দিন