শিরোনাম:

বিয়ানীবাজার পৌরসভার সড়কে খানাখন্দ

বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি | তারিখ: ৩১-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

সিলেটের বিয়ানীবাবাজার পৌর এলাকার বিভিন্ন সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার করা হয়নি। বিভিন্ন সড়কে বিটুমিনের আস্তরণ উঠে গেছে। সৃষ্টি হয়েছে ছোট-বড় বহু গর্তের। এতে সড়কগুলো যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ কারণে স্থানীয় লোকজনকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পৌর এলাকার বিয়ানীবাজার-কসবা সড়ক, বিয়ানীবাজার-নবাং-শ্রীধরা সড়ক, বিয়ানীবাজার-খাসাড়িপাড়া সড়ক, নয়াগ্রাম সড়ক, ইমামবাড়ী সড়ক ও সুপাতলা সড়কের বিভিন্ন স্থানে বিটুমিনের আস্তরণ উঠে খানাখন্দের সৃষ্টি হয়েছে।
এলাকার লোকজন বলেন, পৌরসভার বাসিন্দা হিসেবে তাঁরা নিয়মিত কর দেন; কিন্তু তাঁরা ন্যূনতম নাগরিক-সুবিধা পাচ্ছেন না। সড়ক দিয়ে রিকশা, অটোরিকশা, মাইক্রোবাসসহ সব ধরনের যানবাহনকে চলে টলতে টলতে। পৌরসভার আওতাধীন কসবা গ্রামের আবদুল বাসিত ক্ষোভের সঙ্গে বলেন, ‘আমরা নিয়মিত কর দিচ্ছি। কিন্তু তেমন কোনো সুবিধাই পাচ্ছি না।’ নবাং গ্রামের যুবক ওয়াহিদুল ইসলাম বলেন, ‘পৌর কর্তৃপক্ষ বছরে বছরে কর বাড়ায়; কিন্তু পৌরবাসীর সুযোগ-সুবিধার দিকে নজর নেই।’
জানতে চাইলে পৌর প্রশাসক তফজ্জুল হোসেন বলেন, তহবিল সমস্যার কারণে রাস্তাগুলো সংস্কার করা যায়নি। তবে এবার ‘গুরুত্বপূর্ণ ১৯ পৌরসভা’ নামে নতুন একটি প্রকল্পে বিয়ানীবাজার পৌরসভাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে বরাদ্দ পাওয়া গেলে পৌরসভার অন্তর্ভুক্ত সব সড়ক সংস্কার করা হবে।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন 

 
আপনার মতামত দিন