টিলা উজাড় করে চলছে সরকারি রাস্তা নির্মাণ
সিলেটের ফেঞ্চুগঞ্জের ঘিলাছড়া এলাকার ‘রায়ধন টিলা’ কেটে উজাড় করা হচ্ছে। আর এই মাটিতে চলছে সরকারি রাস্তা ভরাটের কাজ। স্থানীয় লোকজনের অভিযোগ, প্রশাসনের ছত্রচ্ছায়ায় অবৈধভাবে এই টিলা কেটে ফেলা হচ্ছে। পরিবেশবাদীদের আশঙ্কা, এভাবে টিলা কাটা চলতে থাকলে পাহাড়-টিলাবেষ্টিত বৃহত্তর সিলেট অঞ্চলে অদূরভবিষ্যতে প্রাকৃতিক বিপর্যয় দেখা দেবে।
স্থানীয় প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা গেছে, ঘিলাছড়া ইউনিয়নে কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচির আওতায় সম্প্রতি মোকাম বাজার থেকে ঘাটের বাজার পর্যন্ত রাস্তা পুনর্নির্মাণ ও প্রশস্তকরণের কাজ শুরু হয়েছে। শুরুতে কয়েক দিন ধানি জমি থেকে মাটি সংগ্রহ করা হলেও এক সপ্তাহ ধরে রায়ধন টিলা কেটে রাস্তায় মাটি ভরাটের কাজ চলছে। ইউনিয়নের যুধিষ্টিপুর গ্রামের ছয়ফুর রহমান টিলা থেকে মাটি সরবরাহ করছেন।
সরেজমিনে সোমবার সকালে যুধিষ্টিপুরের রায়ধন টিলা এলাকা ঘুরে দেখা যায়, শ্রমিকেরা টিলা কেটে পাশের সড়কে মাটি ভরাটের কাজ করছেন। টিলার পশ্চিম দিক থেকে মাটি কাটছেন তাঁরা। ইতিমধ্যে টিলার একটা বড় অংশ কেটে ফেলা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন শ্রমিক জানান, এক সপ্তাহ ধরে এ টিলা কাটা হচ্ছে। এ কাজে প্রতিদিন ২৭ জন শ্রমিক কাজ করছেন। তাঁদের বলা হয়েছে সরকারি রাস্তার কাজে টিলা কাটলে অসুবিধা নেই।
যুধিষ্টিপুরের বাসিন্দারা ওই কাজে ক্ষোভ প্রকাশ করে বলেন, রাস্তা ভরাটের কাজ করতে এবার সরকারের ছত্রচ্ছায়ায় টিলা কাটা হচ্ছে। এতে একশ্রেণীর মানুষ টিলা কাটায় আরও উৎসাহী হবে।
গাজীপুর গ্রামের মিছবা আহমদ চৌধুরী বলেন, হাকালুকি হাওরের তীরবর্তী টিলাগুলোতে সব সময় পাখ-পাখালির সমাগম থাকে। শীত মৌসুমে অতিথি পাখিরা হাওর আর টিলায় বিচরণ করে। টিলাটি কেটে ফেললে পশু-পাখিদের বিচরণ বাধাগ্রস্ত হবে।
স্থানীয় পরিবেশবাদী সংগঠন ‘চেতনা’র সভাপতি মামুনুর রহমান বলেন, সিলেট অঞ্চল এমনিই ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। এ অবস্থাতেই সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতায় যেভাবে টিলা সাবাড় করা হচ্ছে, তাতে প্রাকৃতিক বিপর্যয় ত্বরান্বিত হবে।
টিলার মাটি সরবরাহকারী ছয়ফুর রহমান বলেন, ‘ইউপি চেয়ারম্যান সাব সরকারি রাস্তার কাজে টিলা থেকে মাটি নিচ্ছেন। রাস্তার জন্য না হলে টিলা থেকে মাটি দিতাম না।’
তবে এ অভিযোগ অস্বীকার করেছেন ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও ওই প্রকল্পের সভাপতি আশরাফ আলী। তিনি বলেন, টিলা কেটে রাস্তার কাজ হচ্ছে না। জমির মাটি দিয়ে কাজ করা হচ্ছে।
ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহামঞ্চদ লুৎফর রহমান বলেন, ‘টিলা কেটে সরকারি প্রকল্প বাস্তবায়নের প্রশ্নই আসে না। এসি ল্যান্ডকে (সহকারী কমিশনার-ভূমি) বলে দিয়েছি, যাঁরা টিলা কাটছেন তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে।’
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন







সাইনইন
মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন