ছাত্রলীগ নেতার মৃত্যু

টাঙ্গাইলে হরতাল পালিত

টাঙ্গাইল অফিস | তারিখ: ৩১-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

হরতালের সময় হামলায় আহত জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল কাদেরের মৃত্যুর প্রতিবাদে গতকাল বুধবার টাঙ্গাইলে ডাকা হরতাল পালিত হয়েছে। জেলা ছাত্রলীগের ডাকা হরতাল সকাল ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত চলে।
ছাত্রলীগের কর্মীরা সকাল থেকেই শহরের বিভিন্ন স্থানে রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। শহরে সব ধরনের যানবাহন চলাচল ও দোকানপাট বন্ধ ছিল। কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস হয়নি। টাঙ্গাইল বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লার বাসগুলোও ছেড়ে যায়নি। শহরের বিভিন্ন স্থানে অর্ধশতাধিক টেম্পো ও অটোরিকশা ভাঙচুর হয়েছে।
হরতালের সমর্থনে সকালে শহরের নিরালা মোড়ে সমাবেশ করেছে ছাত্রলীগ। জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন শহর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমেদ, জেলা কৃষক লীগের সভাপতি জহিরুল ইসলাম প্রমুখ।
এদিকে গতকাল আবদুল কাদেরের লাশ টাঙ্গাইলে এসে পৌঁছে। বিকেলে শহরের শিবনাথ উচ্চবিদ্যালয় মাঠে জানাজা শেষে টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
আওয়ামী লীগের নেতা ফারুক আহমদ হত্যাকাণ্ডের প্রতিবাদে ২০ জানুয়ারি শহরে হরতাল আহ্বান করে আওয়ামী লীগ। এ সময় পিকেটিং করতে গিয়ে শহরের গোডাউন বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের হামলায় আহত হন আবদুল কাদের।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন 

 
আপনার মতামত দিন