তারিকুলের খুনিদের শাস্তির দাবিতে মানববন্ধন

মানিকগঞ্জ প্রতিনিধি | তারিখ: ৩১-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার কলেজছাত্র তারিকুল ইসলাম হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে গতকাল বুধবার সকালে মানববন্ধন হয়েছে। উপজেলার চারিগ্রামবাজারে আয়োজিত এই মানববন্ধনে কয়েক শ লোক অংশ নেন। পরে একই দাবিতে চারিগ্রামবাজার এলাকায় বিক্ষোভ মিছিল করেন তাঁরা।
মানববন্ধন শেষে অনুষ্ঠিত সমাবেশে স্থানীয় চারিগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাজেদুল আলম এবং সাহাদত খান উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক দেওয়ান মহিদুর রহমান বক্তব্য দেন। বক্তারা আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ১৯ জানুয়ারি স্থানীয় উত্তর জামসা বশিরউদ্দিন উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় চেয়ারে বসাকে কেন্দ্র করে সিঙ্গাইর ডিগ্রি কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী তারিকুল ইসলামকে প্রতিপক্ষের লোকজন পিটিয়ে গুরুতর আহত করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ২১ জানুয়ারি তিনি মারা যান। এ ব্যাপারে তারিকুলের বাবা মোক্তানুর দেওয়ান সিঙ্গাইর থানায় স্থানীয় স্বাধীন, বাদল, কবির, রফিকুল ইসলাম, খোরশেদ আলমসহ ১১ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। এই ঘটনায় এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা সিঙ্গাইর থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম বলেন, আসামিরা পলাতক থাকায় তাঁদের গ্রেপ্তার করা যায়নি। তবে চেষ্টা চলছে।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন 

 
আপনার মতামত দিন