কয়েকটি জেলায় আগুন, ভাঙচুর, ককটেল বিস্ফোরণ (ভিডিও)
সকালে হরতাল চলাকালে রাস্তায় আগুন জ্বালায় হরতাল সমর্থনকারীরা। ছবিটি নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক এলাকা থেকে তোলা।
ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ
কয়েকটি জেলায় ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ মধ্য দিয়ে সারা দেশে জামায়াতে ইসলামীর ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। দুপুর ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাঁচটি জেলায় তিনটি গাড়ি ও দুটি মোটরসাইকেলে আগুন দেওয়া, পুলিশের গাড়িসহ তিনটি গাড়ি ভাঙচুর ও দুটি জেলায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এ পর্যন্ত ছয়জনকে আটক করেছে পুলিশ।
রাজশাহী: সকাল থেকে নগরে মিছিল ও সমাবেশ করেছেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে সাতটার দিকে শহরের বিনোদপুর থেকে হরতালের সমর্থনে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা একটি মিছিল বের করেন। কাজলায় গিয়ে সমাবেশ করেন তাঁরা।
রাজশাহী মহানগর পুলিশ কমিশনার এস এম মনিরুজ্জামান জানান, কোনো সহিংসতা ছাড়া শুধু মিছিল করার জন্য পরীক্ষামূলকভাবে তাঁদের অনুমতি দেওয়া হয়েছে। তবে পিকেটিং, ভাঙচুর বা কোনো সহিংসতার ঘটনা ঘটলে তাঁদের বাধা দেওয়া হবে।
শহরে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
নারায়ণগঞ্জ: ভোরে হরতালের সমর্থনে সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিছিল বের করেন জামায়াত-শিবিরের কর্মীরা। এ সময় একটি কাভার্ড ভ্যানে আগুন দেন তাঁরা। পুলিশ তাঁদের ধাওয়া করলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পুলিশ শর্টগানের গুলি ছুড়ে পিকেটারদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় একটি ককটেল বিস্ফোরিত হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন প্রথম আলো ডটকমকে জানান, কাভার্ড ভ্যানটি পুড়ে যাওয়ার আগেই আগুন নেভানো হয়েছে। এ ছাড়া জামায়াত-শিবিরের দুজনকে আটক করা হয়েছে।
নরসিংদী: সকাল ১০টার দিকে শিবপুর উপজেলার সৈয়দনগর এলাকায় হাওর বিলাস পরিবহনের একটি পরিত্যক্ত বাসে আগুন ধরিয়ে দেয় হরতাল সমর্থনকারী পিকেটাররা। এর কিছুক্ষণের মধ্যেই স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নেভান দমকল বাহিনীর সদস্যরা। এ সময় নাঈম মিয়া (২৫) নামের একজনকে আটক করে পুলিশ। শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আল জালাল জানান, নাঈম নরসিংদী জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসার ছাত্র।
নোয়াখালী: সকাল সাতটার দিকে জেলা শহরের পৌরবাজারে বিক্ষোভ মিছিল ও একটি ট্রাক ভাঙচুর করে পিকেটাররা। এ ছাড়া নতুন বাসস্ট্যান্ড ও মাইজদী বাজার এলাকায় সড়ক অবরোধ করে হরতালকারীরা।
কোম্পানীগঞ্জের বসুরহাটের কোরালিয়া এলাকায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সামছুদ্দিন নোমান ও কলেজ ছাত্রলীগের নেতা মো. রুবেলের দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও সভাপতি জহিরুল ইসলামের মোটরসাইকেল ভাঙচুর করেন জামায়াত-শিবিরের কর্মীরা। এ ছাড়া বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, কেউ আটক হয়নি। শহরে পুলিশ টহল দিচ্ছে।
সিরাজগঞ্জ: তেলকুপি এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে পিকেটাররা। এ সময় তারা একটি ট্রাক ভাঙচুরের পর তাতে আগুন ধরিয়ে দেয়। পরে সদর উপজেলার খোকসাবাড়ী ১০ শয্যা হাসপাতালের পাশে জামায়াত-শিবিরের কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এ সময় পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে হরতালকারীরা।
কাঠেরপুল এলাকায় পিকেটিংয়ের সময় আবদুল আজিজ নামের এক জামায়াতকর্মীকে আটক করে পুলিশ।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রথম আলো ডটকমকে জানান, ভোরে কিছুটা উত্তপ্ত অবস্থা বিরাজ করলেও সকাল ১০টার পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
বাগেরহাট: সকাল আটটার দিকে মেগনিতলায় সংবাদপত্রের একটি টেম্পো ভাঙচুর করে পালিয়ে যায় শিবিরের একটি দল। পরে দুজনকে আটক করে পুলিশ।
বাগেরহাটের পুলিশ সুপার খন্দকার রফিকুল ইসলাম প্রথম আলো ডটকমকে জানান, সংবাদপত্রের গাড়িটি কাটাখালী যাচ্ছিল।
প্রতিবেদনটি তৈরি করতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী ও সিরাজগঞ্জ; নোয়াখালী অফিস; নারায়ণগঞ্জ ও বাগেরহাট প্রতিনিধি।
পাঠকের মন্তব্য
সাইনইন
মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন







টুটুল, ফিরোজশাহ, চট্টগ্রাম
২০১৩.০১.৩১ ১৩:২৬Md. Yasir Arafat
২০১৩.০১.৩১ ১৬:১৮