জয়ের ধারায় ফিরেছে সিলেট রয়্যালস
সিলেট রয়্যালসের টানা পাঁচ ম্যাচের জয়যাত্রা রুখে দিয়েছিল ঢাকা গ্ল্যাডিয়েটরস। তবে গত ম্যাচে ঢাকার বিপক্ষে ৩১ রানে হারের পর আজ আবার জয়ের ধারায় ফিরেছে সিলেট রয়্যালস। নাজমুল হোসেন মিলন ও ডোয়াইন স্মিথের ভালো ব্যাটিংয়ের সুবাদে তিন বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় মুশফিকুর রহিমের দল। ৫ উইকেটের এই জয় দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থানটা আরও পাকাপোক্ত করেছে সিলেট।
১২৩ রানের লক্ষ্যটা সহজ হলেও খুব একটা অনায়াস জয় পায়নি সিলেট রয়্যালস। শুরুর দিকে রানের চাকা ঘোরাতে বেশ কষ্ট করতে হয়েছে সিলেটের ব্যাটসম্যানদের। প্রথম সাত ওভারের মধ্যে ৪২ রান সংগ্রহ করতেই সাজঘরে ফেরেন ডোয়াইন স্মিথ ও মমিনুল হক। দুই ওভার পরে ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ ব্যাটসম্যান শিবনারায়ন চন্দরপলের উইকেট তুলে নিয়ে রংপুর শিবিরকে আনন্দে ভাসান ফিদেল এডওয়ার্ড। এই পর্যায়ে খানিকটা বিপর্যয়ের মুখে পড়লেও অধিনায়ক মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন মিলনের দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়ের সুবাদে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায় সিলেট রয়্যালস। মুশফিক ১৭ রান করে সাজঘরে ফিরলেও দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন নাজমুল। ২৯ বলে ৪৫ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান।
আজকের আগে নিজেদের গত ম্যাচে খুলনা রয়েল বেঙ্গলসের বিপক্ষে ১২২ রান করেই জয় পেয়েছিল রংপুর রাইডার্স। তবে এবার অনেকটা কাছাকাছি যেতে পারলেও সেই সাফল্যের পুনরাবৃত্তি ঘটাতে পারেনি বিপিএলের নবাগত এই দল।








সাইনইন
মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন