Prothom Alo

শীতবস্ত্র পেলেন আরও ৯২৬ জন

প্রথম আলো ডেস্ক | তারিখ: ২৭-০১-২০১৩

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গতকাল শরীয়তপুরে শীতবস্ত্র বিতরণ করা হয় প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গতকাল শনিবার ও গত শুক্রবার বন্ধুসভার সদস্যরা ঝিনাইদহ, যশোর, নীলফামারী, জামালপুর ও শরীয়তপুরে ৯২৬ জন দরিদ্র মানুষকে শীতবস্ত্র দিয়েছেন। ঢাকার বাইরে আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ঝিনাইদহ: ঝিনাইদহ সদর, কালীগঞ্জ ও হরিণাকুণ্ডু উপজেলায় শুক্রবার ২০০ জনের মধ্যে কম্বল বিতরণ করা হয়। ত্রাণ কার্যক্রমে স্বেচ্ছাসেবী সংগঠন পদ্মার নির্বাহী পরিচালক হাবিবুর রহমান ও বন্ধুসভার সদস্যরা উপস্থিত ছিলেন।
যশোর: প্রথম আলোর যশোর কার্যালয়ে ৪০ জন দুস্থ মানুষকে শুক্রবার কম্বল দেওয়া হয়। এ সময় শহরের আবদুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের প্রভাষক ইকবাল হোসেন ও বন্ধুসভার সদস্যরা উপস্থিত ছিলেন।
নীলফামারী: সদর উপজেলার কালীতলা বেসরকারি উচ্চবিদ্যালয়ে শুক্রবার সকালে ১৫০ জন দরিদ্র নারী-পুরুষকে শীতবস্ত্র দেওয়া হয়েছে। এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুধির চন্দ্র রায় ও বন্ধুসভার সদস্যরা উপস্থিত ছিলেন।
জামালপুর: শহরের নাওভাঙ্গা চরের ১১০ জন দরিদ্র নারী-পুরুষ ও শিশুর মধ্যে শুক্রবার বিকেলে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় বন্ধুসভার সদস্যরা উপস্থিত ছিলেন।
শরীয়তপুর: পৌরসভার ৪০ জন দরিদ্র ব্যক্তিকে গতকাল শনিবার কম্বল দেওয়া হয়। ত্রাণ কার্যক্রমের সময় বন্ধুসভার সদস্যরা উপস্থিত ছিলেন।
সহায়তা অব্যাহত: দুস্থ ব্যক্তিদের কাছে শীতবস্ত্র পৌঁছে দিতে প্রথম আলো ট্রাস্টের ত্রাণ তহবিলে বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠানের অর্থ ও শীতবস্ত্র সহায়তা অব্যাহত রয়েছে। গতকাল পর্যন্ত ত্রাণ তহবিলে জমা পড়েছে ২০ লাখ পাঁচ হাজার ৯৮০ টাকা। এ টাকায় কম্বল কিনে দেশের বিভিন্ন এলাকায় বিতরণের জন্য পাঠানো হয়েছে। এ ছাড়া তহবিলে জমা পড়েছে পাঁচ হাজার ৮১১টি কম্বল, ৪৩৩টি সোয়েটার, ২২ বস্তা পুরোনো কাপড় ও ১৭০টি চাদর।
গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ছাত্রছাত্রীদের সংগঠন ফিন্যান্স অ্যালামনাই অ্যাসোসিয়েশন দিয়েছে ৬০০টি কম্বল, তানজিল ইদমাম সফিক ২৩০টি ও সিলেট মেডিকেল কলেজের ৪২ ব্যাচের শিক্ষার্থীরা ১০০টি কম্বল দিয়েছেন। এ পর্যন্ত ১১ হাজার ৯২৬ জনকে কম্বল ও শীতবস্ত্র দেওয়া হয়েছে।
সহায়তা করতে চাইলে: সমাজের দানশীল ব্যক্তি বা প্রতিষ্ঠান শীতার্ত মানুষের জন্য প্রথম আলো ট্রাস্ট ত্রাণ তহবিলে শীতবস্ত্র প্রদান ও আর্থিক সহায়তা করতে পারেন। প্রথম আলো কার্যালয়ে ৮১৮০০৭৮-৮১ নম্বরে ফোন করে ট্রাস্টে যোগাযোগ করতে পারেন। পাঠাতে পারেন প্রথম আলো ট্রাস্ট/ ত্রাণ তহবিল হিসাব নম্বর; (২০৭.২০০. ১১১৯৪) ঢাকা ব্যাংক লিমিটেড, কারওয়ান বাজার শাখা, ঢাকায়। প্রয়োজনে প্রথম আলো ট্রাস্টের সমন্বয়কারী আজিজা আহমেদ, মুঠোফোন-০১৯১৪৬০০৭৭০-এ যোগাযোগ করা যাবে।

সম্পাদক ও প্রকাশক: মতিউর রহমান
সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন : ৮১১০০৮১,৮১১৫৩০৭-১০, ফ্যাক্স : ৯১৩০৪৯৬
ই-মেইল :info@prothom-alo.com