Prothom Alo

অস্ট্রেলিয়ান ওপেন

শেষ পর্যন্ত আজারেঙ্কাই

| তারিখ: ২৭-০১-২০১৩

ভিক্টোরিয়া আজারেঙ্কার হাসি আর ট্রফির ঝকঝকে উজ্জ্বল ছটা যেন মিলেমিশে একাকার। কাল লি নাকে হারিয়ে এক বছর আগে-পরের দুটি ছবি মিলে গেল একবিন্দুতে। গত বছর মারিয়া শারাপোভাকে হারিয়ে প্রথম গ্র্যান্ড স্লাম জয়ের আনন্দে কেঁদে ফেলেছিলেন ভিক্টোরিয়া আজারেঙ্কা। কালও মেলবোর্নের রড লেভার অ্যারেনায় সেই আবেগময় স্মৃতি ফিরিয়ে আনলেন বেলারুশের মেয়ে। ম্যাচজয়ী পয়েন্টটি পাওয়ার পর প্রথমেই প্রতিপক্ষ লি না এবং চেয়ার আম্পায়ারের সঙ্গে হাত মেলালেন। পরে ছুটে গিয়ে নিজের আসনে বসে দুই হাতে মুখ ঢেকে আবেগ সংবরণের বৃথা চেষ্টা করলেন বটে; কিন্তু পারলেন না। দুই চোখ বেয়ে নামল অশ্রু।
এই অশ্রু শিরোপা ধরে রাখার আনন্দের। র‌্যাঙ্কিং-শ্রেষ্ঠত্ব ধরে রাখারও। গত বছরও ফাইনালের জয় প্রথম গ্র্যান্ড স্লামের সঙ্গে ক্যারিয়ারে প্রথমবার র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে ওঠা—জোড়া আনন্দে ভাসিয়েছিল আজারেঙ্কাকে। কালও লি নাকে হারিয়ে শিরোপা ও এক নম্বর আসন ধরে রাখলেন। তিনি হারলে র‌্যাঙ্কিং চূড়ায় উঠতেন কোয়ার্টার ফাইনালে হেরে যাওয়া সেরেনা উইলিয়ামস। কিন্তু প্রথম সেট হেরেও দুই ঘণ্টা ৪০ মিনিটের লড়াইয়ে বেলারুশিয়ান তারকা জিতেছেন ৪-৬, ৬-৪, ৬-৩ গেমে।
লি নার লড়াইটাও ছিল ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জেতার। ২০১১ সালে প্রথম এশিয়ান হিসেবে ফ্রেঞ্চ ওপেন জেতার পর থেকেই নিজেকে হারিয়ে খুঁজছেন। কোর্টে বাজে ফর্মের সঙ্গে ব্যক্তিগত বিতর্ক মিলিয়ে অনেক সমালোচনা সইতে হয়েছে। এবারের অস্ট্রেলিয়ান ওপেনকে তাই লি না নিয়েছিলেন সবকিছুকেই আবার নতুন করে সাজানোর মঞ্চ হিসেবে। কাল ফাইনালেও শুরুটা করেছিলেন দারুণ। প্রথম সেট জিতে নেন দাপটেই। কিন্তু দ্বিতীয় সেটে বাঁ অ্যাংকেলে চোট পান। তবু লড়াই চালিয়ে যাওয়া লি ম্যাচ নির্ধারণী তৃতীয় সেটেও এগিয়ে দেন ২-০তে। এরপর ‘অস্ট্রেলিয়ান দিবস’ উদ্যাপনের জন্য খেলা ১০ মিনিট বন্ধ থাকে। পুনরায় শুরু হতেই ঘটে আসল বিপত্তিটা। আবার অ্যাংকেলে চোট পান এবং পড়ে গিয়ে মাথায় প্রচণ্ড আঘাত পান। পরে আর দাঁড়াতেই পারেননি। দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে হেরে যাওয়ার পর লি না বলেছেন, ‘পড়ে যাওয়ার পর আমি কিছুটা উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম। কারণ, মেঝেতে পড়ে মাথায় আঘাত পাওয়ার পর দুই সেকেন্ড আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না।’
ক্যারিয়ারের দুটি গ্র্যান্ড স্লামই অস্ট্রেলিয়ান ওপেনে। সেটাও আবার টানা। আজারেঙ্কা তাই বললেন, ‘আমি সব সময়ই এই কোর্টটাকে বিশেষ স্মৃতি হিসেবে ধরে রাখব।’ জয় ও উদ্যাপন সম্পর্কে বলেছেন, ‘এর মধ্যে সবকিছুই ছিল। আবেগ, স্বস্তি, আনন্দ। আপনি কখনোই জানবেন না আপনি কেমন প্রতিক্রিয়া জানাতে যাচ্ছেন। এটা হূদয় থেকে আসে। আমি সৌভাগ্যক্রমে এই সুন্দর ট্রফিটায় চুমু দিতে পেরেছি।’ এএফপি।

এক নজরে
আজারেঙ্কা লি না
১ এইস ৪
৪ ডাবল ফল্ট ৫
১৮ উইনার ৩৬
২৮ আনফোর্সড এরর ৫৭
৯/১২ ব্রেক পয়েন্ট কনভারশন ৭/১৮
১০০ মোট পয়েন্ট জয় ৯২

সম্পাদক ও প্রকাশক: মতিউর রহমান
সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন : ৮১১০০৮১,৮১১৫৩০৭-১০, ফ্যাক্স : ৯১৩০৪৯৬
ই-মেইল :info@prothom-alo.com