
বিএনপি-জামায়াতের সাবেক নেতারা আ.লীগের কমিটিতে
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি | তারিখ: ২৭-০১-২০১৩
জামায়াতের একসময়ের রুকন আবদুস সাত্তারকে পটুয়াখালীর বাউফল উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটিতে দপ্তর সম্পাদক করা হয়েছে। বিএনপির একাধিক সাবেক নেতাকেও কমিটিতে স্থান দেওয়া হয়েছে। অথচ আওয়ামী লীগের প্রায় এক ডজন ত্যাগী নেতা-কর্মীকে এই কমিটিতে রাখা হয়নি বলে অভিযোগ উঠেছে।
দলীয় সূত্রে জানা গেছে, ২০০৩ সালের পর গত ২২ জানুয়ারি দলীয় কার্যালয় চত্বরে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়। সম্মেলনে সভাপতি পদে হুইপ ও স্থানীয় সাংসদ আ স ম ফিরোজ এবং সাধারণ সম্পাদক পদে আবদুল মোতালেব হাওলাদারকে পুনর্নির্বাচিত করে উপজেলা আওয়ামী লীগের ৬৭ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এই কমিটির সাংগঠনিক সম্পাদক বিএনপির একসময়ের নেতা ইব্রাহিম ফারুক, দপ্তর সম্পাদক জামায়াতের সাবেক রুকন আবদুস সাত্তার, শ্রমবিষয়ক সম্পাদক দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুদুর রহমান।
উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি নুরুল হক মৃধা বলেন, জামায়াতের সাবেক নেতা আবদুস সাত্তারকে পদোন্নতি দেওয়া হয়েছে। অথচ বাদ দেওয়া হয়েছে তাঁর মতো অন্তত এক ডজন নেতা-কর্মীকে।
উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ফরাজি বলেন, ‘ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে জামায়াতের সাবেক নেতাকে গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে। এ ঘটনা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পক্ষের দল আওয়ামী লীগের জন্য দুঃখজনক।’
আবদুস সাত্তার বলেন, একসময় তিনি জামায়াত করতেন; তবে অনেক আগে থেকেই তিনি আওয়ামী লীগ করেন। সাংসদ আ স ম ফিরোজ বলেন, ‘দলীয় নেতা-কর্মীদের মতামত নিয়ে জামায়াত করা একজন লোককে আওয়ামী লীগ বানিয়েছি এবং তাঁর যোগ্যতা অনুযায়ী দলীয় পদ দেওয়া হয়েছে।’ কোনো ত্যাগী নেতা-কর্মী নতুন কমিটি থেকে বাদ পড়েননি বলে তিনি দাবি করেন।