Prothom Alo

সামরিক বাহিনী পছন্দ সু চির

অনলাইন ডেস্ক | তারিখ: ২৭-০১-২০১৩

মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি বলেছেন, ১৫ বছর ধরে গৃহবন্দী রাখা সত্ত্বেও নিজ দেশের সামরিক বাহিনীকে তিনি এখনো পছন্দ করেন। বিবিসি রেডিওকে দেওয়া এক সাক্ষাত্কারে এ কথা বলেন তিনি।
সু চির বাবা অং সানকে আধুনিক মিয়ানমারের জনক হিসেবে বিবেচনা করা হয় এবং তিনিই দেশটির সামরিক বাহিনীর প্রতিষ্ঠাতা। সু চি বলেন, ‘সামরিক বাহিনীকে আমি পছন্দ করি। আর এটা একেবারেই অকৃত্রিম।’
গত বছরের ডিসেম্বরে মিয়ানমারে সু চির বাসভবনে ওই সাক্ষাত্কার রেকর্ড করা হয়। সাক্ষাত্কারের বরাত দিয়ে আজ শনিবার বিবিসি অনলাইনে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। সাক্ষাত্কারে সু চি বলেন, আমি জানি, মানুষ আমার এই ভালো লাগার বিষয়টি পছন্দ করে না। অনেকে আমাকে সেনাবাহিনীর “পোস্টার কন্যা” বলে সমালোচনা করেন। কিন্তু সত্য হচ্ছে, আমি তাদের পছন্দ করি এবং আমি সব সময়ই মনে করেছি, এটা আমার বাবার সেনাবাহিনী।’
সামরিক বাহিনী মিয়ানমারে ভয়ানক সব কাজ করেছে বলে স্বীকার করেন সু চি। তবে তিনি আশা প্রকাশ করেন, তারা এসব কাজ থেকে বেরিয়ে আসবে।
সু চি আরও বলেন, বৌদ্ধ মতাদর্শের ওপরে আস্থার কারণে তিনি মিয়ানমারের স্বৈরশাসনকে উপেক্ষা করতে সমর্থ হয়েছেন এবং পার্লামেন্টে আসন অর্জনের মধ্য দিয়ে এখন তাদের মোকাবিলা করতে পারছেন।

সম্পাদক ও প্রকাশক: মতিউর রহমান
সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন : ৮১১০০৮১,৮১১৫৩০৭-১০, ফ্যাক্স : ৯১৩০৪৯৬
ই-মেইল :info@prothom-alo.com