Prothom Alo

ইনটেলের সাশ্রয়ী স্মার্টফোন

অনলাইন ডেস্ক | তারিখ: ২৭-০১-২০১৩

কেনিয়ার বাজারে সাশ্রয়ী দামের স্মার্টফোন উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে ইনটেল। ১২৫ মার্কিন ডলার দামের এ স্মার্টফোনের নাম ‘ইয়োলো’।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট জানিয়েছে, কেনিয়ার সাফারিকম লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান ইনটেলের অ্যাটম জেড ২৪২০ চিপনির্ভর সাড়ে তিন ইঞ্চি ডিসপ্লেযুক্ত ‘ইয়োলো’ স্মার্টফোন বাজারে আনছে। ইনটেলের চিপনির্ভর এ স্মার্টফোন যুক্তরাষ্ট্রের লাসভেগাসে অনুষ্ঠিত সিইএস মেলায় প্রদর্শন করেছিল যুক্তরাষ্ট্রের চিপনির্মাতা প্রতিষ্ঠানটি।
প্রযুক্তি-সংশ্লিষ্ট বিশ্লেষকেরা জানিয়েছেন, ইনটেল সম্প্রতি স্মার্টফোন চিপ তৈরিতে আগ্রহ দেখাচ্ছে। ডেস্কটপ কম্পিউটারের মাদারবোর্ডের ব্যবসা থেকে সরে এসে নতুন প্ল্যাটফর্মে মানিয়ে নিতে চেষ্টা করছে ইনটেল। ইতিমধ্যে ভারতের বাজারে ইনটেলনির্ভর স্মার্টফোন বাজারে এনেছে প্রতিষ্ঠানটি।
ইনটেলের চিপনির্ভর প্রথম স্মার্টফোনটি হচ্ছে ‘লাভা জলো’। শিগগিরই ইনটেল চিপনির্ভর নতুন অ্যান্ড্রয়েড স্মার্টফোন ভারতের বাজারে আসতে পারে।

সম্পাদক ও প্রকাশক: মতিউর রহমান
সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন : ৮১১০০৮১,৮১১৫৩০৭-১০, ফ্যাক্স : ৯১৩০৪৯৬
ই-মেইল :info@prothom-alo.com