
আদিবাসী কিশোরী ধর্ষণ ও হত্যা
রাঙামাটিতে স্বতঃস্ফূর্ত অবরোধ চলছে
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি | তারিখ: ২৭-০১-২০১৩
আদিবাসী কিশোরী তুমাচিং মারমাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি এবং সারা দেশে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে রাঙামাটিতে আজ রোববার আধাবেলার অবরোধ চলছে।
গত ২১ ডিসেম্বর রাঙামাটির কাউখালী বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী তুমাচিং মারমা নিজ বাড়ির কাছে এক পাহাড় থেকে গরু আনতে গিয়ে ধর্ষণ ও হত্যার শিকার হয়। এর প্রতিবাদে পার্বত্য চট্টগ্রামে কর্মরত কয়েকটি স্থানীয় ও জাতীয় পর্যায়ের নারী সংগঠন রাঙামাটিতে আজ আধাবেলার এ অবরোধ কর্মসূচির ডাক দেয়।
যানবাহন শ্রমিকদের সংগঠনসহ বেশ কয়েকটি সংগঠন এ অবরোধের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে। অবরোধের কারণে অভ্যন্তরীণ ও দূরপাল্লার পথে কোনো যানবাহন চলাচল করছে না। নৌযান চলাচলও বন্ধ রয়েছে।
শহরের প্রবেশপথে নারী সংগঠনগুলোর কর্মী ও বেশ কিছু পুরুষ অবস্থান নিয়েছেন। তবে শহরের ভেতরে কোনো পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি।