Prothom Alo

পুলিশের অস্ত্র দিয়ে পুলিশকেই শিবিরের পিটুনি

নিজস্ব প্রতিবেদক | তারিখ: ৩১-০১-২০১৩

বগুড়ায় আজ বৃহস্পতিবার সকালে হরতাল চলাকালে পুলিশের ওপর হামলা চালিয়েছেন ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা। তাঁরা পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে ওই অস্ত্র দিয়েই পুলিশকে পিটিয়েছেন। সকাল আটটার দিকে বগুড়া শহরের উপশহর এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকালে হরতালের সমর্থনকারী শিবিরের এক কর্মীকে আটক করে পুলিশ। এ সময় শিবিরের কর্মীরা পুলিশের ওপর চড়াও হন। একপর্যায়ে শিবিরের কর্মীরা পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে ওই অস্ত্র দিয়েই পুলিশকে পেটাতে থাকেন। এতে দুজন পুলিশ সদস্য আহত হন। পরে আরও পুলিশ এসে শিবিরকর্মীদের ধাওয়া করলে তাঁরা পুলিশের অস্ত্র ফেলে দিয়ে পালিয়ে যান। পুলিশ আটক ওই শিবিরকর্মীকে থানায় নিয়ে যায়।
পুলিশ সুপার মোজাম্মেল হক প্রথম আলো ডটকমকে জানান, শিবিরের হামলায় দুজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তবে পুলিশের অস্ত্র কেড়ে নেওয়ার বিষয়টি তিনি অস্বীকার করেছেন।
এর আগে সকাল সোয়া ছয়টার দিকে একই স্থানে শিবিরের কর্মীরা একটি সিএনজিচালিত অটোরিকশা ও দুটি মোটরসাইকেল ভাঙচুর করেন।

সম্পাদক ও প্রকাশক: মতিউর রহমান
সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন : ৮১১০০৮১,৮১১৫৩০৭-১০, ফ্যাক্স : ৯১৩০৪৯৬
ই-মেইল :info@prothom-alo.com