Prothom Alo

সহিংসতায় সংশ্লিষ্টতা অস্বীকার জামায়াতের

নিজস্ব প্রতিবেদক | তারিখ: ৩১-০১-২০১৩

হরতাল সফল হয়েছে বলে দাবি করেছে জামায়াতে ইসলামী। একই সঙ্গে হরতালের সময় বিভিন্ন স্থানে সহিংসতায় জামায়াতের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছে দলটি।
আজ বৃহস্পতিবার হরতাল শেষে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর কমিটির সহকারী সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ প্রথম আলো ডটকমের কাছে দেওয়া প্রতিক্রিয়ায় এসব দাবি করেন।
গতকাল বুধবার ঢাকায় সমাবেশ করার অনুমতি না দেওয়ায় জামায়াতে ইসলামী আজকের হরতালের ডাক দেয়। সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকলেও ঢাকা ও চট্টগ্রাম মহানগরে তারা বেলা দুইটা পর্যন্ত হরতাল পালন করে।
শফিকুল ইসলাম মাসুদ দাবি করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারি দলের নেতা-কর্মীদের হুমকি উপেক্ষা করে হরতাল সফল করার মধ্য দিয়ে জনগণ প্রমাণ করেছে, তারা সরকারের নৈরাজ্য পছন্দ করছে না।
জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর কমিটির সহকারী সেক্রেটারি দাবি করেন, ‘এখন সরকারের দায়িত্ব জুলুম-নির্যাতন বন্ধ করা, অবৈধ ট্রাইব্যুনাল ভেঙে দেওয়া এবং আটক নেতাদের মুক্তি দেওয়া।’
জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়, আজকের হরতালে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকা থেকে তাদের ৬৪ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। এ ছাড়া পুলিশের হামলায় ২৫ জন আহত হয়েছেন।
হরতালে বিভিন্ন স্থানে সহিংসতা প্রসঙ্গে জানতে চাইলে শফিকুল ইসলাম মাসুদ দাবি করেন, ‘আমরা তো রাস্তাতেই দাঁড়াতে পারি না। ভাঙচুর করব কী করে!’
জামায়াতের ডাকা আজকের হরতালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সম্পাদক ও প্রকাশক: মতিউর রহমান
সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন : ৮১১০০৮১,৮১১৫৩০৭-১০, ফ্যাক্স : ৯১৩০৪৯৬
ই-মেইল :info@prothom-alo.com