
ব্ল্যাকবেরি ১০ অপারেটিং সিস্টেমনির্ভর দুটি নতুন মডেলের স্মার্টফোন উন্মুক্ত করেছে ব্ল্যাকবেরি। রিসার্চ ইন মোশন বা রিম এখন নাম বদলে ব্ল্যাকবেরি হিসেবেই পরিচিতি পাচ্ছে। খবর বিবিসি অনলাইনের।
৪.২ ইঞ্চি মাপের জেড ১০ স্মার্টফোনটি টাচস্ক্রিন প্রযুক্তির আর ৩.১ ইঞ্চি মাপের কিউ১০ মডেলটির সঙ্গে রয়েছে ফিজিক্যাল বা বাহ্যিক কি-বোর্ড। ৩০ জানুয়ারি রিমের প্রধান নির্বাহী থ্রস্টেন হেইন্স এ মডেল উন্মুক্ত করেন এবং রিমের নাম বদলে ব্ল্যাকবেরি রাখার ঘোষণা দেন।
ব্ল্যাকবেরি কর্তৃপক্ষের ভাষ্য, এখনো ফিজিক্যাল কি-বোর্ড নির্ভর ব্ল্যাকবেরি স্মার্টফোনের চাহিদা রয়েছে।
২০১২ সাল থেকেই খবর চাউর হয়েছিল যে, নতুন অপারেটিং সিস্টেমযুক্ত দুটি নতুন স্মার্টফোন বাজারে আনবে রিসার্চ ইন মোশন বা রিম। বাজারে অ্যাপল ও স্যামসাংয়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বী হিসেবে নতুন এই স্মার্টফোন আনছে বলেই বিশ্লেষকেরা ধারণা করছিলেন।
স্মার্টফোনের বাজারে একসময় সামনের সারিতেই ছিল ব্ল্যাকবেরি। প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, ব্ল্যাকবেরির নতুন অপারেটিং সিস্টেমের সাফল্যের উপরেই প্রতিষ্ঠানটির ঘুরে দাঁড়ানোর বিষয়টি নির্ভর করছে। গত দুই বছর ধরে অ্যাপল ও স্যামসাংয়ের স্মার্টফোনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় পিছিয়ে পড়েছে ব্ল্যাকবেরি। বাজারে ব্ল্যাকবেরির অবস্থান দূর্বল ও নতুন পণ্য দেরিতে আসায় বিনিয়োগকারীরা উত্সাহ হারিয়ে ফেলেছিলেন। তবে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহীর ভাষ্য, নিজস্ব অপারেটিং সিস্টেম নির্ভর পণ্যের জন্যই এ দেরি।
নতুন অপারেটিং সিস্টেমনির্ভর ব্ল্যাকবেরির স্মার্টফোনগুলো দ্রুতগতির এবং অসংখ্য অ্যাপ্লিকেশন ব্যবহারের সুবিধা রয়েছে।
যুক্তরাজ্যে, কানাডা, মধ্যপ্রাচ্যের বাজারে ফেব্রুয়ারি মাস থেকে ব্ল্যাকবেরির নতুন স্মার্টফোন পাওয়া যাবে আর যুক্তরাষ্ট্রের বাজারে আসবে মার্চ মাসে।
ব্ল্যাকবেরির নতুন স্মার্টফোন সম্পর্কে আরও জানতে যেতে পারেন এ লিংকে
http://global.blackberry.com/blackberry-10.html