Prothom Alo

হরতাল করে বিচার ঠেকানো যাবে না: প্রধানমন্ত্রী

পঞ্চগড় প্রতিনিধি | তারিখ: ৩১-০১-২০১৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জ্বালাও, পোড়াও আর হরতাল করে, পুড়িয়ে মানুষ মেরে যুদ্ধাপরাধীদের বিচার ঠেকানো যাবে না। একজনের রায় হয়েছে, বিএনপি এখন কথা বলে না, এক এক করে সবার রায় হবে, যুদ্ধাপরাধী কেউ রেহাই পাবে না।’
আজ বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড় চিনিকল মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক বিশাল জনসভায় ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার আওয়ামী লীগের নির্বাচনী অঙ্গীকার। যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে জাতি কলঙ্কমুক্ত হবে। এই সরকারের অধীনে অনুষ্ঠিত সব নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এসব নির্বাচন নিয়ে কেউ প্রশ্ন তোলেননি বলেও তিনি জানান।
শেখ হাসিনা আরও বলেন, জনগণ স্বাধীনভাবে ভোট দিয়ে যাকে পছন্দ করবে, তাঁকে নির্বাচিত করবে। সাংবিধানিকভাবে জনগণের অধিকার নিশ্চিত করা হবে।
প্রধানমন্ত্রী আজ পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজে মাস্টার্স এবং সরকারি মহিলা কলেজে অনার্স কোর্স চালুর ঘোষণা দেন। এ সময় তিনি অভিযোগ করে বলেন, বিরোধী দলের নেত্রী তিন বিষয়ে পাস করে মেট্রিক ফেল। এ জন্য তিনি শিক্ষার জন্য কিছুই করেননি। বর্তমান শিক্ষানীতি অনুযায়ী ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে। তবে কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান তিনি।
এর আগে প্রধানমন্ত্রী ১০০ শয্যার পঞ্চগড় মকবুলার রহমান ডায়াবেটিক হাসপাতালের ভবন উদ্বোধন করেন। পঞ্চগড় চিনিকল মাঠে জনসভা মঞ্চের পাশে বিকেলে ৩৩০ কোটি টাকা ব্যয়ে পঞ্চগড়-তেঁতুলিয়া জাতীয় মহাসড়ক ও বোদা-দেবীগঞ্জ আঞ্চলিক মহাসড়ক, ৬৫ কোটি টাকা ব্যয়ে পঞ্চগড় গ্রিড সাব-স্টেশন এবং দুই কোটি ২০ লাখ টাকা ব্যয়ে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার উদ্বোধন করেন। এছাড়াও তিনি ৮৩১ কোটি টাকা ব্যয়ে পঞ্চগড়-পার্বতীপুর ১৫০ কিলোমিটার ডুয়েলগেজ রেললাইনের পঞ্চগড় অংশের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
জনসভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পঞ্চগড়-২ আসনের সাংসদ মো. নুরুল ইসলাম। এতে বক্তব্য দেন রেলমন্ত্রী মো. মুজিবুল হক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক: মতিউর রহমান
সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন : ৮১১০০৮১,৮১১৫৩০৭-১০, ফ্যাক্স : ৯১৩০৪৯৬
ই-মেইল :info@prothom-alo.com